চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে দুই চালকসহ ৫ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে চন্দনাইশ উপজেলার গাছবাড়িয়া পুরাতন কলেজ গেট যাত্রী ছাউনি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা কক্সবাজারগামী দোয়েল এক্সপ্রেস স্লিপার এসিবাস (ঢাকা মেট্রো ব- ১২-১৯৮৮) ঘটনাস্থলে পৌঁছালে কক্সবাজার ছেড়ে আসা চট্টগ্রামগামী হানিফ পরিবহনের বাস (ঢাকা মেট্রো ব-১৪-২১৩১) এর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দোয়েল এক্সপ্রেসের চালক সুমন ও হানিফ বাসের চালক জসিমসহ ৫ জন আহত হন। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে দোহাজারী হাইওয়ে থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) মোহাম্মদ আবদুল মতিন বলেন, চন্দনাইশের গাছবাড়িয়া এলাকায় ভোরে দোয়েল ও হানিফ বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে দুই গাড়ির চালকসহ ৫ জন আহত হয়েছেন। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত গাড়িগুলো দোহাজারী হাইওয়ে থানার হেফাজতে রয়েছে।
