back to top

[the_ad id="407"]

এস আলমের বন্ধ ১১ কারখানা চালুর দাবিতে চট্টগ্রামে শ্রমিকদের পদযাত্রা

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামে এস আলম গ্রুপের বন্ধ থাকা ১১টি শিল্পকারখানা চালু এবং চাকরিচ্যুত শ্রমিক-কর্মচারীদের পুনরায় কাজে নেওয়ার দাবিতে পদযাত্রা করেছেন প্রায় এক হাজার শ্রমিক। সোমবার (১৬ নভেম্বর) সকালে কর্ণফুলী উপজেলার মইজ্জারটেক এলাকা থেকে পদযাত্রা শুরু করে তাঁরা জেলা প্রশাসকের কার্যালয়ে যান। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন শ্রমিকদের প্রতিনিধিরা।

শ্রমিকদের দাবি, দীর্ঘদিন ধরে কারখানাগুলো বন্ধ থাকায় হাজারো শ্রমিক-কর্মচারী কর্মহীন হয়ে পড়েছেন। আয়-রোজগার বন্ধ হয়ে যাওয়ায় পরিবার নিয়ে আর্থিক সংকটে দিন কাটছে তাঁদের।

স্মারকলিপিতে শ্রমিকেরা উল্লেখ করেন, ২০২৪ সালের জুলাই-আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর এস আলম গ্রুপের বিভিন্ন কারখানায় উৎপাদন কার্যক্রম ব্যাহত হতে থাকে। পরে ব্যাংকিং জটিলতা, কাঁচামাল সংকটসহ নানা কারণে কারখানাগুলোর উৎপাদন বন্ধ হয়ে যায়। তাঁদের অভিযোগ, কোনো ধরনের পূর্বঘোষণা ছাড়াই কারখানাগুলো বন্ধ করে দেওয়া হয়। এরপর মালিকপক্ষের সঙ্গে দফায় দফায় যোগাযোগ করেও কোনো সমাধান পাননি তাঁরা।

শ্রমিকদের ভাষ্য, ব্যাংক হিসাব ও ঋণসংক্রান্ত জটিলতার কারণে নতুন করে ঋণপত্র (এলসি) খোলা যাচ্ছে না। ফলে আমদানিনির্ভর কাঁচামাল সংগ্রহ করা সম্ভব হচ্ছে না। এসব জটিলতা নিরসন এবং পর্যাপ্ত চলতি মূলধন নিশ্চিত করা গেলে কারখানাগুলো আবার চালু করা সম্ভব।

স্মারকলিপিতে তাঁরা আরও বলেন, দীর্ঘদিন কর্মহীন থাকায় শ্রমিকদের পরিবারে আর্থিক সংকট দেখা দিয়েছে। নিত্যপ্রয়োজনীয় খরচ মেটানো এবং পরিবারের মৌলিক চাহিদা পূরণ করতেও হিমশিম খেতে হচ্ছে তাঁদের। এ অবস্থায় সরকার উদ্যোগ না নিলে কারখানাগুলো চালু করে শ্রমিকদের কর্মস্থলে ফিরিয়ে নেওয়া কঠিন হবে।

শ্রমিকদের পাঁচ দফা দাবি

শ্রমিকদের পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে—এস আলম গ্রুপের বন্ধ সব কারখানা অবিলম্বে চালু করা, আগে কর্মরত শ্রমিকদের পুনরায় কাজে যোগদানের সুযোগ দেওয়া এবং কাউকে ছাঁটাই না করা। পাশাপাশি ব্যাংক হিসাব ও ঋণসংক্রান্ত জটিলতা দ্রুত নিরসন করে উৎপাদন চালু রাখতে পর্যাপ্ত চলতি মূলধন নিশ্চিত করার দাবি জানিয়েছেন তাঁরা।

এ ছাড়া রাজনৈতিক কারণে যাতে কোনো শিল্পকারখানা বন্ধ না হয়, তা নিশ্চিত করা এবং এক সপ্তাহের মধ্যে সরকার, মালিকপক্ষ ও শ্রমিকপক্ষের প্রতিনিধিদের নিয়ে ত্রিপক্ষীয় বৈঠক আহ্বানের দাবিও জানিয়েছেন শ্রমিকেরা।

বন্ধ থাকা ১১টি শিল্পপ্রতিষ্ঠান

চট্টগ্রামে এস আলম গ্রুপের বন্ধ থাকা ১১টি শিল্পপ্রতিষ্ঠান হলো—এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ, এস আলম স্টিল, এস আলম কোল্ড রোল্ড স্টিলস, এস আলম কোল্ড রোল্ড স্টিলস (এনওএফ), গ্যালকো স্টিল, চেমন ইস্পাত, এস আলম সিমেন্ট, এস আলম ভেজিটেবল অয়েল, এস আলম সুপার এডিবল অয়েল, ইনফিনিটি সিআর স্ট্রিপস ইন্ডাস্ট্রিজ ও এস আলম ব্যাগ ফ্যাক্টরি।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme