চট্টগ্রামের রাউজানে ফেসবুকে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে ব্যবসায়ী সাইফুদ্দিন মুরাদকে ছুরিকাঘাতে গুরুতর জখমের ঘটনায় অভিযুক্ত সাব্বির হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১৫ নভেম্বর) বিকেলে উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নের মন্ডলের ঘাটা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে বসতবাড়িতে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, অভিযানে দুটি দেশীয় তৈরি এলজি, একটি রিভলবার, সাতটি কার্তুজ, দুটি চাপাতি, ছয়টি ছোরা ও দুটি টিপ চাকু উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া একটি টিপ চাকু দিয়ে মুরাদকে ছুরিকাঘাত করা হয়েছিল বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার সাব্বিরের বিরুদ্ধে চাঁদাবাজি, অগ্নিসংযোগ, মাদক ও বিস্ফোরকসহ বিভিন্ন অপরাধে ছয়টি মামলা রয়েছে। এ ঘটনায় অস্ত্র আইনে মামলা করে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
[the_ad id="407"]
ফেসবুক পোস্ট ঘিরে ব্যবসায়ীকে ছুরিকাঘাত, অস্ত্রসহ সাব্বির গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
