রাঙামাটির কাপ্তাইয়ের পাহাড়ি এলাকায় ধীরে ধীরে বাড়ছে শীতের অনুভূতি। রাত ও ভোরে শীতের প্রকোপ বাড়তে থাকায় গরম পোশাকের পাশাপাশি লেপ-তোষকের চাহিদা মেটাতে প্রস্তুতি নিচ্ছেন ব্যবসায়ীরা। নতুন বাজারের লেপ-তোষক তৈরির কারিগররা রেডিমেড পণ্য তৈরি করে মজুত রাখতে ব্যস্ত সময় পার করছেন।
কাপ্তাই নতুন বাজারের ইলিয়াস বেডিংয়ের পরিচালক জানান, প্রতিবছরের মতো এবারও শীত সামনে রেখে রেডিমেড লেপ ও তোষক তৈরি করছেন তাঁরা। উন্নতমানের জাজিং কাপড় দিয়ে সাত ফুট বাই আট ফুট আকারের একটি লেপ তৈরিতে খরচ পড়ছে ৩ হাজার ৮০০ টাকা। কার্পাস তুলার একই আকারের লেপের দাম ২ হাজার ৮০০ টাকা এবং চায়না মেট্রো দিয়ে তৈরি লেপের দাম ৩ হাজার টাকা।
লেপ-তোষক তৈরির কারিগর ও ব্যবসায়ী আলাউদ্দিন জানান, তাঁরা তুলা ও বিভিন্ন ধরনের কাপড়সহ প্রয়োজনীয় সরঞ্জাম সংগ্রহ করে রেখেছেন। শীতের প্রকোপ বাড়লে অর্ডার বাড়বে বলে আশা করছেন। তবে আগের বছরের তুলনায় এবার বিক্রি অনেক কম বলে জানান তিনি। তাঁর মতে, তুলা ও লেপ তৈরির অন্যান্য উপকরণের দামও আগের তুলনায় বেড়েছে।
কাপ্তাইয়ের হরিণছড়া থেকে আসা এক বাসিন্দা জানান, দিনে গরম অনুভূত হলেও রাত গভীর হলে পাহাড়ে বেশ শীত পড়ে। ভোরে ঘন কুয়াশার কারণে হাঁটাচলাও কঠিন হয়ে পড়ে।
এদিকে বিলাইছড়ি থেকে লেপ-তোষক তৈরি করতে কাপ্তাই নতুন বাজারে এসেছেন মংসুইনু মারমা। তিনি জানান, দুর্গম পাহাড়ি এলাকা থেকে প্রয়োজনীয় লেপ-তোষক তৈরি করাতে কাপ্তাই বাজারে এসেছেন।
ক্যাটাগরি: দেশজুড়ে
সাব-ক্যাটাগরি: রাঙামাটি
[the_ad id="407"]
কাপ্তাইয়ের পাহাড়ে শীতের আমেজ, লেপ-তোষক তৈরিতে ব্যস্ত কারিগররা
নিজস্ব প্রতিবেদক
