চট্টগ্রামের আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকার ১ দশমিক ৭৩ একর আয়তনের ‘বালুর মাঠ’ শতভাগ দখলমুক্ত করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক)। দ্বিতীয় দফার উচ্ছেদ অভিযানে মাঠের অবশিষ্ট অবৈধ স্থাপনাগুলো সরিয়ে নেওয়া হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) চউকের স্পেশাল ম্যাজিস্ট্রেট হামীমুন তানজিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় পে-লোডার ব্যবহার করে চৌধুরী সুপারশপ ও এমিগো স্পোর্টস সেন্টারের স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়।
এর আগে গত ১৫ নভেম্বর প্রথম দফার অভিযানে মাঠের অধিকাংশ অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছিল। দ্বিতীয় দফার অভিযানের মধ্য দিয়ে মাঠটি সম্পূর্ণ দখলমুক্ত করা হয় বলে চউক সূত্রে জানা গেছে।
চউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনের ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। তিনি বলেন, সরকারি সম্পত্তি রক্ষা এবং বরাদ্দের নির্ধারিত উদ্দেশ্য নিশ্চিত করতে অবৈধ দখলদারদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
দীর্ঘদিনের দখলদারিত্ব থেকে মাঠটি মুক্ত হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের আশা, মাঠটি উন্মুক্ত থাকলে এলাকার শিশু-কিশোরদের খেলাধুলার সুযোগ তৈরি হবে এবং আবাসিক এলাকার পরিবেশ ফিরে আসবে।
[the_ad id="407"]
আগ্রাবাদের বালুর মাঠ শতভাগ দখলমুক্ত করল চউক
নিজস্ব প্রতিবেদক
