ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ৬ নম্বর ফুলবাড়িয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আগুনের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোরে এ ঘটনায় চেয়ারম্যানের কক্ষের আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে গেছে। তবে এতে কেউ হতাহত হয়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, চেয়ারম্যানের কক্ষের দক্ষিণ পাশের একটি ভাঙা জানালা দিয়ে আগুন দেওয়া হয়ে থাকতে পারে। সকাল ৬টার দিকে পরিষদের পরিচ্ছন্নতাকর্মী আয়াত আলী কার্যালয়ে প্রবেশ করে চেয়ারম্যানের কক্ষের ভেন্টিলেটর দিয়ে ধোঁয়া বের হতে দেখেন। পরে তিনি কক্ষ খুলে পানি দিয়ে আগুন নেভান এবং ইউপি প্রশাসনিক কর্মকর্তা ইসমত আরাকে বিষয়টি জানান।
ইসমত আরা জানান, চেয়ারম্যানের কক্ষের পেছনের একটি জানালা সামান্য ভাঙা ছিল। ওই জানালা দিয়ে আগুন দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। রাতে পরিষদ পাহারায় তিনজন গ্রাম পুলিশ দায়িত্বে ছিলেন।
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শহীদুল ইসলাম সোহাগ, ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হাসান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং বিএনপির নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন।
স্থানীয় বিএনপি নেতাদের অভিযোগ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও তাঁর ছোট ভাই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। তাঁদের দাবি, আওয়ামী লীগের নেতাকর্মীরা রাতের আঁধারে আগুন দিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টির চেষ্টা করেছে। তাঁরা আরও জানান, সংসদ নির্বাচনের আগে একই ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে পেট্রোল বোমা ও ককটেল উদ্ধার করেছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
ফুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদিন বাদল উপজেলা কৃষক লীগের সাবেক দপ্তর সম্পাদক। তাঁর ছোট ভাই রফিকুল ইসলাম রাকিব উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান।
ফুলবাড়িয়া থানার ওসি রাশেদুল হাসান জানান, ভোরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আগুনের ঘটনা ঘটেছে। এতে টেবিল-চেয়ারসহ কিছু কাগজপত্র পুড়ে গেছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
ইউএনও শহীদুল ইসলাম সোহাগ বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আগুনে আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে ক্ষয়ক্ষতি হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
