back to top

[the_ad id="407"]

ইসলামি চর্চার অভাবে বিপথে যাচ্ছে যুবসমাজ: কাপ্তাইয়ে ওয়াজ মাহফিলে বক্তারা

কবির হোসেন ( কাপ্তাই প্রতিনিধি)

রাঙামাটির কাপ্তাইয়ে সুইডিশ মাদরাসার ২৫তম বার্ষিক সভা ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (২২ নভেম্বর) সকাল থেকে রাত ১২টা পর্যন্ত সুইডিশ মসজিদে এ আয়োজন করা হয়।
মাদরাসার শিক্ষা পরিচালক মো. আব্দুল আজীজ সিদ্দিকীর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। প্রধান অতিথি ছিলেন হাটহাজারী মাদরাসার সিনিয়র শিক্ষক ড. নূরুল আবছার আযহারী।
অনুষ্ঠানের শুরুতে মাদরাসার শিক্ষার্থীরা বাংলা, ইংরেজি ও আরবি ভাষায় সুন্দর হাতের লেখার প্রদর্শনী করে। পাশাপাশি সূরা তিলাওয়াত, নামাজ ও জানাজার নামাজ আদায়ের নিয়ম প্রদর্শন করে তারা। এ ছাড়া নূরানি মাদরাসা ও এতিমখানার চার শিক্ষার্থী পবিত্র কোরআনের হাফেজ হওয়ায় তাদের পাগড়ি পরিয়ে সম্মাননা দেওয়া হয়। তারা হলেন—হাফেজ মুহাম্মদ আশ্রাফুল ইসলাম, হাফেজ মুহাম্মদ আব্দুস সালাম, হাফেজ ওমর ফারুক ও হাফেজ আরাফাত হোসেন সিয়াম।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বাদ মাগরিব থেকে দ্বীনি শিক্ষা বিষয়ে বক্তব্য দেন মাওলানা তৌহিদুল ইসলাম, মাওলানা হাফেজ সোলাইমান, মাওলানা জাকারিয়া, মাওলানা মুফতি আনোয়ার হোসেন সাইফী, মাওলানা হাফেজ মুফতি আব্দুর রহমান, মাওলানা আলাউদ্দিনসহ বিভিন্ন ওলামায়ে কেরাম।
প্রধান অতিথি ড. নূরুল আবছার আযহারী ও অনুষ্ঠানের সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, কোরআন-সুন্নাহ ও ইসলামি মূল্যবোধের চর্চার অভাব এবং কিছু অভিভাবকের অবহেলায় তরুণদের একটি অংশ বিপথে যাচ্ছে। তারা মাদকাসক্ত হয়ে বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। মাদক, সন্ত্রাস, চুরি ও ডাকাতি থেকে সমাজকে মুক্ত রাখতে ইসলামি শিক্ষার গুরুত্ব তুলে ধরেন তাঁরা।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme