চট্টগ্রামের লোহাগাড়ায় জাল টাকার নোটসহ শাহ আলম নামের এক যুবক গ্রেপ্তার হয়েছেন। আজ ২ মার্চ (রোববার) সন্ধ্যা ৬টা সময় দিকে উপজেলার পদুয়া বাজারে সেনাবাহিনী ও লোহাগাড়া থানা-পুলিশের যৌথ অভিযানে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার শাহ আলম একই উপজেলার আমিরাবাদ ইউনিয়নের পূর্ব হাজারবিঘা এলাকার ফেরদৌস আহমদের ছেলে।
গ্রেপ্তারের পর তাঁর কাছ থেকে ৫০০ টাকার ১০টি ও ১ হাজার টাকার ৬টি জাল নোট উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, শাহ আলম ও তাঁর স্ত্রী জান্নাত আরা মিলে জাল নোটের ব্যবসা করে মানুষের সঙ্গে প্রতারণা করেন। আজ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শাহ আলমকে গ্রেপ্তার করা হয়।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আরিফুর রহমান বলেন, গ্রেপ্তার শাহ আলমের নামে থানায় নতুন করে আরও একটি মামলা হয়েছে।
ওই মামলায় তাঁকে আগামীকাল সোমবার সকালে চট্টগ্রাম আদালতে পাঠানো হবে।
লোহাগাড়া থানার ওসি আরিফুর রহমান জানান, জাল নোট ব্যবসায়ীদের একটি চক্র আছে। শাহ আলম ও তাঁর স্ত্রী ওই চক্রের সদস্য। ২০২৩ সালেও তাঁরা গ্রেপ্তার হয়েছিলেন। তাঁরা এখনো ওই চক্রের সঙ্গে আছেন এবং জাল টাকা সংগ্রহ করে বাজারে ছড়িয়ে দিচ্ছেন। কয়েক মাস আগেও শাহ আলমের স্ত্রী জান্নাত আরা জাল টাকাসহ জনতার হাতে আটক হন।
তখন পর্যাপ্ত প্রমাণের অভাবে ব্যবস্থা নেওয়া যায়নি। এখন জান্নাত আরার সন্ধান করছে পুলিশ।
