চট্টগ্রাম নগরীর সিআরবির বয়লার বস্তি ও ফলমণ্ডি কলোনি এলাকায় যৌথবাহিনীর অভিযানে ৫ জনকে আটক করা হয়েছে। এসময় আটকৃতদের হেফাজতে থাকা বিভিন্ন ধরনের অবৈধ ধারালো অস্ত্র, মাদকদ্রব্য, মোবাইল ফোন এবং নগদ ১৫ লাখ টাকা উদ্ধার করা হয়।
বুধবার (২০ নভেম্বর) সকালে বাংলাদেশ সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। তবে আটককৃতদের নাম পরিচয় এখনও জানায়নি যৌথবাহিনী।
বিষয়টি নিশ্চিত করেন যৌথ বাহিনীর টাস্কফোর্স-৪–এর পক্ষে মেজর রিজুয়ানুর রহমান বলেন, অভিযানের পর উদ্ধার হওয়া মাদকদ্রব্য ও অবৈধ অর্থসহ আটকদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
